বিভ্রান্তির দায়ে কোটি ডলার জরিমানার মুখে অ্যাপল

৩০ নভেম্বর, ২০২০ ১৬:১৫  
আইফোনের “আগ্রাসী ও বিভ্রান্তিকর” বাণিজ্যিক অনুশীলনের জন্য ইতালিতে এক কোটি ২০ লাখ মার্কিন ডলার জরিমানার মুখে পড়েছে অ্যাপল। সোমবার অ্যাপলকে এই জরিমানা করার খবর প্রকাশ করেছে ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিয়ন্ত্রক সংস্থাটি দাবি করেছে, পানি নিরোধক বলে কয়েকটি মডেলের আইফোনের প্রচারণা চালিয়েছিল অ্যাপল, কিন্তু সেগুলো যে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতির জন্য প্রযোজ্য, তা পরিষ্কার করেনি প্রতিষ্ঠানটি। তরল পদার্থ থেকে ডিভাইস নষ্ট হলে তা ওয়ারেন্টির আওতায় পড়বে না বলে এক সতর্কতা জানিয়ে রেখেছে অ্যাপল। এ ব্যাপারটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ইতালির নিয়ন্ত্রকরা। তারা জানিয়েছেন, এতে করে ক্রেতারা বিভ্রান্ত হন, পানি বা অন্যান্য তরলের কারণে ডিভাইস ক্ষতিগ্রস্থ হলে তারা কোনো সেবা পান না। অ্যাপল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।